বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড


 বগুড়ার শেরপুরে নিজ কন্যাকে ধর্ষণের দায়ে আব্দুল খালেক (৫১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া শিশু দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলী আসগর।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে খালেক তার নিজ মেয়েকে ধর্ষণ করেন। ওই সময় শিশুটির সৎ মা স্থানীয় একটি চাতালে ধান সেদ্ধ করতে গিয়েছিলেন। ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেন খালেক।

এরপর শিশুটির আচরণে পরিবর্তন দেখা দেয়। সে বাড়ির কাজ করা বন্ধ করে দিলে তার সৎ মা তাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে শিশুটি তার সৎ মাকে ধর্ষণের বিষয়টি জানায়। তবে স্বামীর বিরুদ্ধে মেয়ের অভিযোগ বিশ্বাস না করে তিনি শিশুটির ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন।


পরে নির্যাতন থেকে বাঁচতে শিশুটি তার দুই সহপাঠীকে বিষয়টি জানায়। তাদের কাছ থেকে ঘটনাটি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা থানায় অভিযোগ করেন।

এর পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ৩১ অক্টোবর শিশুটির মা ও আসামির দ্বিতীয় স্ত্রী শেরপুর থানায় স্বামী আব্দুল খালেকের বিরুদ্ধে মামলা করেন।

মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন শেষে আদালত বৃহস্পতিবার একমাত্র আসামি আব্দুল খালেককে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

Comments

Popular posts from this blog

মিরসরাইয়ে কিশোর গ্যাংয়ের হামলায় পন্ড গীতা পাঠ ও মহোৎসব অনুষ্ঠান

ফেনীতে উদযাপিত হয়েছে জীবন্ত মা বাবার পূজা

মিরসরাইয়ে আগামী ১৭ এপ্রিল শত কন্ঠে গীতা পাঠের আয়োজন