মিরসরাইয়ে বিদায়ী শিক্ষককে কাঁদতে কাঁদতে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল শিক্ষার্থীরা
দীর্ঘ ২৬ বছর ধরে যাঁর হাতে ছিল চক আর সামনে ছিল উৎসুক শিক্ষার্থীদের মুখ, পাঠদানের পাশাপাশি যিনি স্নেহের পরশে গড়ে তুলেছেন শত শত সুনাগরিক সেই প্রিয় শিক্ষক সজল কান্তি নাথ কর্মজীবন থেকে অবসর নিলেন। তাঁর বিদায়লগ্নে এক অভূতপূর্ব আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় চট্টগ্রামের মিরসরাইয়ের ঐতিহ্যবাহী জোরারগঞ্জ জে.বি. উচ্চ বিদ্যালয়ে। ২০০০ সালে এই বিদ্যালয়ে যোগদানের মাধ্যমে শিক্ষকতা জীবন শুরু করেছিলেন সজল কান্তি নাথ। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পাঠদান শেষে তিনি অবসর নেন। বিদায়ের দিন সকালে শেষবারের মতো হাজিরা খাতায় স্বাক্ষর করেন এবং প্রিয় শিক্ষার্থীদের ক্লাসে গিয়ে শেষ পাঠদান করান। এরপর তাঁর সম্মানে এক বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী শিক্ষক সুব্রত বড়ুয়া, হেড মাওলানা আনোয়ার হোসেন, টুংকেল বড়ুয়াসহ শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা। স্মৃতিচারণকালে বক্তারা সজল কান্তি নাথের শিক্ষকতা জীবনের নানা অবদান তুলে...